Crime Corruption News

খানজাহান আলীর দিঘিতে শিশুকে কামড়ে নিয়ে গেল কুমির

বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে নেমে কুমিরের হামলার শিকার হয়েছে ফাতেমা (৭) নামে এক শিশু। সোমবার (১ জুন) রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে মাজারের দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে মহিলা ঘাটে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। রাত সাড়ে ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিনা বেগম নামে এক নারী বলেন, আমি দেখেছি বাচ্চাটা মহিলা ঘাটে গোসল করতে গিয়েছে। আমি পাশেই ছিলাম, কিন্তু বুঝতে পারিনি পানির নিচে কুমির এসেছে। বাচ্চাটি এক সিঁড়ি নামলেই কুমিরে ওর মাজা ধরে কামড় দিয়ে নিয়ে যাওয়ার সময় দুই হাত তুলে একবার চিৎকার দিয়েছিল। তারপরে আমি সেখানে যেতেই কুমিরে পানির নিচে নিয়ে চলে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর  মো. বেল্লাল হোসেন  বলেন, অভিযান চলমান রয়েছে, স্থানীয় লোক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক, পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed