Crime Corruption News

স্বামী দুবাই থেকে আসার এক ঘণ্টা পর স্ত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে প্রবাস থেকে স্বামী ফেরার মাত্র এক ঘণ্টার মধ্যে স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ প্রিয়া শীল (২৬) হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। ২০১৯ সালে রাউজান পৌরসভার ওই এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ পাওয়া যায়।

নিহতের মা রূপনা শীল অভিযোগ করে বলেন, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।

তবে স্বামী নয়ন শীল বলেন, আমার স্ত্রী গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আমি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করি। পরে পুলিশকে খবর দিই।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed